করাচী, পাকিস্তান - পাকিস্তান বৃহস্পতিবার (এপ্রিল ১২) করাচীর একটি কারাগার থেকে ২৬ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের জল-সীমায় অবৈধভাবে ঢুকে পড়ার অভিযোগে এসব জেলেকে দু'বছর আগে আটক করা হয়। খরব: এএফপি
গত সাত বছরের মধ্যে পাকিস্তানের কোন রাষ্ট্রপ্রধানের প্রথম ভারত সফরে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গত রোববার ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে মধ্যাহ্ন ভোজে অংশ নেয়ার পর এসব জেলেকে 'সদিচ্ছার নিদর্শন' হিসেবে মুক্তি দেয়া হল।
পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র প্রায়ই পরস্পরের জল-সীমা লঙ্ঘনের দায়ে উভয় দেশের জেলেদের আটক করে।
দু'দেশের কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের কারাগারে কমপক্ষে ৪৫০ জন ভারতীয় জেলে এবং ভারতের কারাগারে ১৫০ জনের বেশী পাকিস্তানি জেলে আটক রয়েছে।
মুক্তিপ্রাপ্ত ভারতীয় জেলেদের লাহোরের বাসে তুলে দেয়ার আগে তাদের হাতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়। তাদের এসব লাহোর সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার কথা।
মন্তব্য পোস্ট করুন (মন্তব্য দেয়া সম্পর্কিত নীতিমালা)* আবশ্যক ঘরগুলো নির্দেশ করছে